দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ১২ জন কর্মকর্তা-কর্মচারী। গুরুতর আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম।
বুধবার (১৪ মে) দুপুরে সোনারগাঁও উপজেলার শিল্পনগরী এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় চুলার গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত দগ্ধ হওয়ায় তিনজনকে আইসিইউ ও এইচডিইউতে রাখা হয়েছে।
কেএম